পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে বিচার ও সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকার কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবার (২০ জুলাই) সকালে বিমসটেকবিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত প্রত্যেক পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সেই ঘটনার বেদনা জাতি বহন করছে। এত প্রাণহানি ও রক্তপাতের ঘটনার বিচার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে—এটাই সরকারের প্রত্যাশা।
শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে নয়াদিল্লি এ বিষয়ে ইতিবাচক সহযোগিতা করবে।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।
এ রায়ের পর তাদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। সর্বশেষ আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আবেদনসহ ট্রাইব্যুনালের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।