স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সব সময় জনগণের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।