জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ আবু সাঈদ স্মরণে শোকসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, রংপুরসহ দেশের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। দ্রুতই শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
শোকসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আযাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।