ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) দিবস-২০২৬ উপলক্ষে কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং স্মৃতিচারণে অংশ নেন তারা। হোস্টেলে পৌঁছালে শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে তাদের স্বাগত জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হোন।” পরে অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “আজও আসার সময় তাকে সামনের সিটে বসতে বলেছি। আগে যখন জুবাইদাকে মেডিকেলে নিয়ে আসতাম, তখনও তাকে আমার পাশের সিটে বসিয়েই আনতাম।”
নিজের শিক্ষাজীবনের স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, এই ক্যাম্পাসে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে এবং সেই দিনগুলোর স্মৃতি এখনও তাকে নাড়া দেয়। বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তিনি ঢাকা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা ও শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। এ সময় পুরো হোস্টেল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।