বিএনপি সরকার ক্রমেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর জ্বালানি ও বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। চলমান সংকট থেকে উত্তরণ ঘটাতে না পারলে দেশের মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ক্ষমতায় আসার পর জ্বালানি ও বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সংকট পরিস্থিতি থেকে উত্তরণ না হতে পারলে দেশের মানুষ না খেয়ে মরবে।”
তিনি জানান, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ জনভোগান্তি নিরসনে ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে এনসিপিসহ ১১ দলীয় জোট।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের যারা অংশ নিতে চান, তাদের বিরুদ্ধে ক্ষমতাসীন দল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে ও হয়রানি করছে।
বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রমে ক্ষমতাসীন দল বাধা দিলে এর ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন সারজিস আলম।
এদিকে লং মার্চের গাড়িবহর নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শুরুতে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি নিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। তবে তা সংকুচিত করে প্রায় এক হাজার গাড়িতে নামিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, “সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। এটা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, সেজন্যই এ কর্মসূচি।”
লং মার্চের বিস্তারিত সূচি তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বরে নেতাকর্মীরা জড়ো হবেন। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সেখানে উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরপর সিরিয়াল অনুযায়ী গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে।
ঢাকা থেকে বের হওয়ার পর প্রথম পথসভা হবে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে। সকাল ৯টার দিকে সেখানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এরপর দুপুর ১২টার দিকে কুমিল্লায় কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণকারীদের দুপুরের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
এরপর গাড়িবহর যাবে ফেনীর মহিপালে। দুপুর ৩টার দিকে সেখানে কর্মসূচি হওয়ার কথা রয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি ও খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন।
ফেনী থেকে লং মার্চ যাবে মিরসরাইয়ে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে গাড়িবহর। রাত ৯টার দিকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। সেখানে বড় ধরনের জনসমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।
দেশবাসীর উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লং মার্চের পথে তারা সাধারণ মানুষের কথা ও সমস্যাগুলো শুনতে চান। রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মানুষের দাবি ও সমস্যাগুলো তুলে ধরতেই তারা জনগণের কাছে যাচ্ছেন।
তিনি বলেন, “আপনাদের কথাগুলো আমরা শুনতে চাই। আপনার কী কী সমস্যা আছে, সেগুলো জানতে চাই। আমরা আপনাদের সঙ্গে কথা বলব, আলোচনা করব—কীভাবে নতুন বাংলাদেশ গড়া যায়।”