কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেন, ‘আমি এখনো মনে করি এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি।’
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নিজের বাড়ি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নুসরাত তাবাসসুম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়ার বিষয়গুলো দেখে তাঁর বিশ্বাস, এ ঘটনার সঙ্গে দলটির সংশ্লিষ্টতা রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার আগে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করে আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখেননি।
সংসদে তদন্ত শেষ হওয়ার আগেই অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ নিয়ে বক্তব্য দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করাই হওয়া উচিত তদন্তের মূল লক্ষ্য। বাড়িটি পরিত্যক্ত কি না, সেখানে কারা বসবাস করতেন—এসব বিষয় সামনে এনে মূল ঘটনা আড়াল করা উচিত নয়।
এ সময় তিনি অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।