জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পড়াশোনার খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখতে দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরে এসব বিষয়ে আগ্রহী হওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।
বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন করেন।
সংসদ ভবনে এসে তারা এর অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।
এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।