জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার অর্থায়ন পাবে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী জানান, প্রাথমিকভাবে অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যবহার করা হবে।
তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশের কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা ও তাপপ্রবাহ মানুষের জীবন-জীবিকা এবং কৃষি খাতকে হুমকির মুখে ফেলছে।
আবদুল আউয়াল মিন্টু জানান, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তায় অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোজন কার্যক্রম, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং প্রযুক্তি হস্তান্তরে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। একই সঙ্গে জলবায়ু তহবিল থেকে অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিবেশমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমান বাস্তবতা। এ সংকট মোকাবিলায় দ্রুত অর্থ ছাড় ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।