একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা একত্র হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে প্রশাসনের প্রয়োজন হবে না, দলের নেতাকর্মীরাই তাদের রুখে দেবেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভারব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বেড়েছে। চট্টগ্রামেও সরকারের দেওয়া প্রতিশ্রুতির তুলনায় বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ সময় নবনির্মিত ফুটওভারব্রিজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়িত সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে স্থান নির্বাচন, নকশা ও প্রয়োজনীয় কারিগরি বিষয় সমন্বয় করে ফুটওভারব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন করেছে সিডিএ।
শহীদ ওয়াসিম আকরামের নামে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় এ ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়েছে।