যোগাযোগব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে প্রায় সাত হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে এ নির্দেশনা জারি করা হয়।
এফএএর নির্দেশনা অনুযায়ী, আকাশে থাকা উড়োজাহাজগুলো নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে পারলেও নতুন করে কোনো ফ্লাইট উড্ডয়নের অনুমতি দেওয়া হয়নি। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় পৃথক সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্যার কারণ শনাক্ত করতে এফএএর প্রযুক্তিবিদেরা কাজ করছেন।
এর আগে একই ধরনের যোগাযোগ সমস্যার কারণে শিকাগোতেও সাময়িকভাবে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করা হয়েছিল। তার আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।
দীর্ঘদিন ধরে পুরোনো যন্ত্রপাতি, যোগাযোগব্যবস্থার দুর্বলতা এবং প্রয়োজনীয় কর্মীর ঘাটতিতে ভুগছে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা।
এ সংকট কাটাতে গত বছর মার্কিন কংগ্রেস এক হাজার ২৫০ কোটি ডলার বরাদ্দ দেয়। তবে আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন করতে আরও তিন হাজার ১০ কোটি ডলার বরাদ্দ চেয়েছে এফএএ ও হোয়াইট হাউস।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাতেই দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশনা প্রত্যাহার করেছে এফএএ। তবে ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?