মুন্সিগঞ্জ প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া মৌজায় পদ্মা রেল লিংক প্রকল্পের আওতাধীন এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)সহ বিভিন্ন সরকারি, সামরিক ও বেসামরিক দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা কমাতে সহায়তা করে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন এবং কর্মসূচির সফল বাস্তবায়ন কামনা করেন।