পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রতি বছর জাতীয় বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে জনমনে উদ্বেগ দেখা গেলেও এবারের বাজেটে তেমন কোনো প্রভাব পড়েনি। এজন্য বর্তমান বাজেটকে জনবান্ধব বাজেট হিসেবে উল্লেখ করেন তিনি।
শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বড় স্বপ্ন থাকা প্রয়োজন। বিরোধী দল বাজেট নিয়ে সমালোচনা করলেও উন্নয়ন বাস্তবায়নের জন্য সুদূরপ্রসারী চিন্তা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা নগদ সহায়তা, ৪১ মেট্রিক টন চাল এবং ৬০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়। এসব সহায়তা পরিবারগুলোর আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং সম্ভাব্য বাঁধ নির্মাণ প্রকল্পের স্থান পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেন।