রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এলাকার নিরাপত্তা বাড়াতে স্থাপন করা সিসি ক্যামেরাও চুরির হাত থেকে রক্ষা পায়নি।
শুক্রবার মোহাম্মদপুরের রিং রোডে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় তিনি বলেন, “নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলাম, কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেটি চুরি হয়ে গেছে।”
স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; এ ক্ষেত্রে জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এসব অপরাধ দমনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে শিগগিরই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে।
ববি হাজ্জাজ বলেন, নিরাপত্তা জোরদারে পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে। তবে স্থায়ী সমাধানের জন্য আধুনিক ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
অপরাধীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা আগ্রাসন বরদাশত করা হবে না।
সভায় গ্যাস সংকটের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এটি শুধু মোহাম্মদপুর নয়, সারা দেশের সমস্যা। তবে অনুমোদিত এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীতে গ্যাস সংযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উন্মুক্ত টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা সরাসরি প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।