স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন। তবে কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারেন, কিন্তু আইনগতভাবে ঋণখেলাপি হিসেবে বিবেচিত নন।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইন ও রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও) অনুযায়ী আদালত কর্তৃক ঋণখেলাপি ঘোষিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। ফলে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা আইনগতভাবে ঋণখেলাপি নন।
তিনি আরও বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মামলা থাকলেও আদালতে তা নিষ্পত্তি হয়ে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদন পেলে তাকে আর ঋণখেলাপি বলা যায় না। এ কারণে বর্তমান সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা আইনগতভাবে সঠিক নয় এবং তা মানহানিকর।
অন্যদিকে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে সমালোচনা করেছেন। তার দাবি, সংসদে এমন সদস্য রয়েছেন যাদের বিরুদ্ধে ঋণসংক্রান্ত অভিযোগ রয়েছে, যদিও তিনি কারও নাম প্রকাশ করেননি।
তিনি বলেন, জনগণের দৃষ্টিতে যদি সংসদে উল্লেখযোগ্য সংখ্যক ঋণসংক্রান্ত বিতর্কে জড়িত ব্যক্তি থাকেন, তাহলে এ ধরনের সমালোচনা বা প্রশ্ন ওঠা স্বাভাবিক।
সংসদে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় চিফ হুইপের মধ্যে আইনগত সংজ্ঞা ও রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে আলোচনা হয়।