রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে মহিষটিকে জীর্ণশীর্ণ অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। এতে প্রাণীটির স্বাস্থ্য ও পরিচর্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই।
তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং নিয়মিত চিকিৎসা ও বিশেষজ্ঞ তত্ত্বাবধানে আছে। সরেজমিনে দেখা গেছে, মহিষটির জন্য ফ্যান, মশারি ও তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাণীটি স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে এবং চলাফেরা করছে।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, মহিষটির খাদ্যতালিকা নির্ধারণে সম্প্রতি একটি মেডিক্যাল বোর্ড বৈঠক করেছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাকে প্রতিদিন ২৫ কেজি কাঁচা ঘাস, ৫ কেজি খড়, ৫ কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত পানি দেওয়া হচ্ছে। অতিরিক্ত ওজন ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে আগের তুলনায় দানাদার খাবারের পরিমাণ কমানো হয়েছে।
বর্তমানে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে নয়, বরং ‘অ্যালবিনো বা সাদা মহিষ’ পরিচয়ে প্রাণীটিকে প্রদর্শন করা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, বিরল এই অ্যালবিনো মহিষ দেশের মূল্যবান প্রাণিজ জিনসম্পদের একটি অনন্য নিদর্শন, যা সংরক্ষণ ও গবেষণার জন্য গুরুত্বপূর্ণ।