অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও ভক্তদের উপস্থিতিতে রাজধানীর বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে মেয়ের জন্য দোয়া চান তার বাবা কায়সার হামিদ।
জানাজা শেষে তিনি বলেন, “আমার মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে সবাই ক্ষমা করে দেবেন। তার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন।” বাবার এমন বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
গত শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
রোববার তার মরদেহ দেশে আনা হয়। প্রথমে বনানী ডিওএইচএসে তাদের বাসায় মরদেহ রাখা হয়। পরে জানাজা শেষে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেওয়া হয়।
পরিবার জানিয়েছে, আগামী সোমবার কারিনার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় নানাবাড়িতে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হতে পারে।
কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্ত-অনুরাগীরা শোক ও সমবেদনা প্রকাশ করছেন।