বাংলাদেশে ভ্রমণে এসে ল্যাপটপ ও ক্যামেরা চুরির শিকার হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের পাশে দাঁড়িয়েছেন মুক্তি মাহমুদ নামে এক বাংলাদেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তরুণের কান্নার ভিডিও দেখে তাকে নতুন একটি ম্যাকবুক উপহার দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী জার্মান তরুণের হাতে ম্যাকবুকটি তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে প্রতারণার শিকার হন ক্রিল। সেখানে এক ব্যক্তি নিজেকে রেলওয়ের কর্মকর্তা পরিচয় দিলে তার কাছে ল্যাপটপ ও ক্যামেরাসহ একটি ব্যাগ রেখে টাকা তুলতে যান তিনি। কিন্তু ফিরে এসে ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি।
পরে জানতে পারেন, ওই ব্যক্তি আসলে রেলওয়ের কোনো কর্মকর্তা নন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নাটোর সদর থানায় অভিযোগ জানান ক্রিল। এ সময় থানায় বসে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।
ঘটনার পর বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন জার্মান এই পর্যটক।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের কান্নার ভিডিও দেখে আবেগাপ্লুত হন মুক্তি মাহমুদ। নিজের বিদেশে পড়াশোনা করা ছেলের কথা মনে পড়ে যাওয়ায় তরুণটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
পরে শাওন নামে এক ব্যক্তির মাধ্যমে ক্রিলের সঙ্গে যোগাযোগ করেন মুক্তি মাহমুদ। শনিবার সন্ধ্যায় পুলিশের উপস্থিতিতে তার হাতে নতুন ম্যাকবুক তুলে দেন তিনি।
মুক্তি মাহমুদ রাজধানীর জিগাতলা এলাকার বাসিন্দা। তিনি আনজুমান ডিজাইনারস লিমিটেডের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
মুক্তি মাহমুদ বলেন, বাংলাদেশে বেড়াতে এসে একজন বিদেশি পর্যটকের মূল্যবান জিনিসপত্র চুরি হওয়া দেশের জন্য বিব্রতকর। তার নিজের ছেলেও বিদেশে পড়াশোনা করেন। একজন অভিভাবক হিসেবে ক্রিলের কষ্ট অনুভব করেই তাকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, বাংলাদেশ থেকে ফেরার সময় ক্রিল যেন শুধু খারাপ অভিজ্ঞতা নয়, কিছু সুন্দর স্মৃতিও সঙ্গে নিয়ে যেতে পারেন, সেটিই তার প্রত্যাশা।
অন্যদিকে নতুন ম্যাকবুক পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল ল্যান্ডার। ম্যাকবুকটি পাওয়ায় আবারও নিজের প্রয়োজনীয় কাজ শুরু করতে পারবেন বলে জানান তিনি।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে অর্থ জমিয়ে নিজের ল্যাপটপটি কিনেছিলেন ক্রিল। সেটি চুরি হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, একজন বাংলাদেশি নিজ উদ্যোগে তরুণ পর্যটককে ম্যাকবুক উপহার দিয়েছেন। এমন মানবিক উদ্যোগ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে।
এদিকে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে চলে যেতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।