জাতীয় সংসদে আবেগঘন বক্তব্যে গুম, নির্বাসন ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গুম হওয়া মানুষদের পরিবারের যে বেদনা, তা তিনি নিজের জীবনে অনুভব করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদদের রক্ত ও জনগণের ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক বিজয়কে কোনোভাবেই কলঙ্কিত হতে দেওয়া যাবে না।
ইলিয়াস আলীর মতো গুম হওয়া নেতাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের পরিবার আজও প্রিয়জনের অপেক্ষায় দিন গুনছে—এই কষ্ট দূর করতে হলে এমন রাষ্ট্র গড়তে হবে, যেখানে আর কোনো মানুষ গুম বা নিপীড়নের শিকার হবে না।
তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রাষ্ট্রীয়ভাবে সুস্পষ্ট করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তারাই প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা। তিনি দাবি করেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়েই সংসদে এসে বিএনপি সংস্কারের উদ্যোগ নিচ্ছে এবং কোনো বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।