ভয়াবহ রানা প্লাজা ট্রাজেডি-এর ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে বহুতল ভবন ধসে পড়ে প্রাণ হারান ১১৩৬ জনের বেশি পোশাক শ্রমিক, আহত হন কয়েক হাজার মানুষ। এটি দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত।
ঘটনার পর তৈরি পোশাক খাতে কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়। তদন্তে অবহেলা ও অনিয়মের প্রমাণ পাওয়ার পর ২০১৫ সালে ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। ২০১৬ সালে বিচার কার্যক্রম শুরু হলেও বিভিন্ন আইনি জটিলতায় তা দীর্ঘদিন স্থগিত ছিল।
বর্তমানে মামলাটি চলমান থাকলেও অগ্রগতি ধীরগতির। মোট ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। সর্বোচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ হয়নি, যা বিচারপ্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
এদিকে, নিহতদের স্বজন ও আহত শ্রমিকরা এখনও ন্যায়বিচার ও যথাযথ ক্ষতিপূরণের অপেক্ষায় রয়েছেন। শুক্রবার সকালে সাভারে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজনরা, শ্রমিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শ্রমিক সংগঠনগুলো এদিন বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে দ্রুত বিচার, দায়ীদের শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।