সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়ায় আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন প্রায় ১৪ হাজারের বেশি প্রার্থী। তারা আগামী রোববার রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন।
প্রার্থীদের দাবি, গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্টসহ সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র পাননি। এতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অনেকেই চাকরির আশায় আগের কর্মস্থল ছেড়ে দিয়েছেন, ফলে আর্থিক সংকট আরও তীব্র হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রার্থীরা অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অস্পষ্ট অবস্থান তাদের উদ্বেগ বাড়িয়েছে। ইতোমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৬৯ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হন। সেখান থেকে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়।
প্রার্থীরা জানান, নিয়োগ ও পদায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের এই কর্মসূচি শিক্ষাখাতে চলমান অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরছে।