জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত করা হবে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (পেজ-১)” এর আওতায় ইতোমধ্যে ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন পেয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় প্রায় ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ একটি ৬ লেনের ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এছাড়া বাকি অংশ উন্নয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলছে এবং আন্তর্জাতিক সংস্থা JICA-এর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
মন্ত্রী স্বীকার করেন, মহাসড়কটি বর্তমানে দুর্ঘটনাপ্রবণ। তাই ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে দেশের পর্যটন, বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।