বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী TIME-এর ২০২৬ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘লিডারস’ ক্যাটাগরিতে তিনি ১৬তম অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
মাহদী আমিন তার পোস্টে উল্লেখ করেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসিকতা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, দেশে যখন গণতন্ত্র ও ভোটাধিকারের সংকট দেখা দেয়, তখন তারেক রহমান জনগণের কণ্ঠস্বর হয়ে দৃঢ়ভাবে নেতৃত্ব দেন। দীর্ঘ সংগ্রামের পর তার নেতৃত্বেই বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলে তিনি দাবি করেন।
এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তারেক রহমানের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়। মাহদী আমিন আরও বলেন, এই অর্জন শুধু একজন নেতার নয়, বরং পুরো জাতির গর্ব।
উল্লেখ্য, এ তালিকায় আরও রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিয়ার স্টারমার, বেনিয়ামিন নেতানিয়াহু, শি জিনপিং প্রমুখ বিশ্বনেতা।