দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ রবিবার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
গতকাল সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানান, যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে এই বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
এই কর্মসূচির আওতায় টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হবে। তবে শুধুমাত্র অসুস্থ শিশুদের ক্ষেত্রে এই ক্যাপসুল প্রযোজ্য হবে বলে জানান মন্ত্রী। এছাড়া, যারা পূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা গ্রহণ করেছে, তারাও পুনরায় এই টিকা নিতে পারবে এবং এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজারসহ বিভিন্ন জেলার হটস্পট এলাকায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের লক্ষ্য সকল ঝুঁকিপূর্ণ শিশুকে দ্রুত টিকার আওতায় এনে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা।