পতিত আওয়ামী লীগ সরকারের নেতারা বিদেশে অবস্থান করলেও দেশের তৃণমূল পর্যায়ের কর্মীদের ব্যবহার করে ককটেল হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতারা কলকাতা ও থাইল্যান্ডে পালিয়ে থাকলেও দেশের ভেতরে তৃণমূলের টোকাইদের দিয়ে ককটেল বোমা হামলা চালাচ্ছে। অথচ বিএনপি বিরোধী দলে থাকাকালে শত নির্যাতন-নিপীড়নের মধ্যেও রাজপথে বুক পেতে আন্দোলন করেছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো তার বাবা শেখ মুজিবও দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তার প্রণীত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা আজ পলাতক এবং মানবতাবিরোধী অপরাধী। মানুষ হত্যার দায়ে তার বিরুদ্ধে যে দণ্ড দেওয়া হয়েছে, আইন অনুযায়ী সেই সাজা কার্যকর হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, যুবদলের এ বিক্ষোভ মিছিলে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।