দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদান কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, হামের সংক্রমণ বৃদ্ধি, রোগের বিস্তার এবং জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যকারিতা নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হচ্ছে। টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো ত্রুটি বা পরিবর্তনের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ আন্তর্জাতিক মানদণ্ড ও সরকারি বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকার সরবরাহ ও মজুত ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। পাশাপাশি রোগ নজরদারি, দ্রুত শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে।
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে এবং টিকাদানের হার বাড়াতে দেশব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।