ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানক্ষেত থেকে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণপুর থানার অধীন লেতেকুজান গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এক কিশোর সকালে মাঠে গরু চরাতে গিয়ে বেলুনগুলো দেখতে পায়। পরে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।
ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।
ব্যানারসহ বেলুন উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। পরে গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশের কয়েকটি ভিডিওতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একই ধরনের ব্যানারসংবলিত বেলুন ওড়াতে দেখা গেছে।
বেলুনগুলো বাংলাদেশের কোথা থেকে উড়েছে এবং কীভাবে আসামের ওই গ্রামে পৌঁছেছে, তা জানতে তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।
সূত্র: নর্থইস্ট নাউ
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?