প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল, যেখানে ক্ষমতাবানদের সমালোচনা অপরাধ হিসেবে বিবেচিত হবে না এবং সাংবাদিকদের স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে।
রোববার (১ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো সংবাদপত্রের প্রতিবেদন পছন্দ না হলে প্রতিবাদ জানানোর অধিকার সবার রয়েছে। প্রতিবেদনে ভুল থাকলে তথ্য-প্রমাণ দিয়ে তা খণ্ডন, প্রতিবাদলিপি পাঠানো কিংবা প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। তবে ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিচয় দেয় না।
সংবাদমাধ্যমের সঙ্গে মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, কোনো সংবাদপত্র, সম্পাদক কিংবা প্রতিবেদনের সঙ্গে মতের অমিল থাকতে পারে। তবে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আরও সংযম, পরিশীলিত আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রত্যাশিত।
তিনি আরও বলেন, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। সংবাদমাধ্যমের সমালোচনা করার অধিকার যেমন রয়েছে, তেমনি সরকারেরও সেই সমালোচনা সহ্য করার সক্ষমতা থাকতে হবে।
পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এমন আচরণ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। গণতন্ত্রে ক্ষমতার দম্ভ নয়, জবাবদিহিই রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি হওয়া উচিত।