শেকৃবি প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল আয়োজন করেছে এ্যাব শেকৃবি শাখা। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ্যাব শেকৃবি শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার। এছাড়াও অংশ নেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, গত ১৯ দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।