আতিকুর রহমান, রাবি প্রতিনিধি
সারাদেশে ভূমিকম্পের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হেলে পড়া শেরেবাংলা হলের শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে নতুন হলে স্থানান্তর করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত জরুরি বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
হলের প্রভোস্ট অধ্যাপক মো. শরিফুল ইসলাম জানান, কিছুদিন আগেই হলটির সংস্কারকাজ শুরু হয়েছিল; তবে ভূমিকম্পের আঘাতে ঝুঁকি আরও বেড়ে গেছে। জরুরি পরিস্থিতিতে নতুন নির্মিত ১০ তলা আবাসিক হলের দুইটি ব্লকে শেরে বাংলা হলের শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন হলের বেশ কিছু ব্লক এখনো পুরোপুরি প্রস্তুত না হলেও নির্বাচিত দুই ব্লকে ২–৪ দিনের মধ্যে পানি, বিদ্যুৎ ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিটি ব্লকে ৯০টি কক্ষ এবং প্রতি কক্ষে দুইটি করে সিট রয়েছে। দ্রুত ব্যবস্থা নিয়ে দুই ব্লকে মোট ২৭০ জন শিক্ষার্থীকে আজ থেকেই অস্থায়ীভাবে থাকার সুযোগ দেওয়া হবে।
যেসব শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে উঠতে চাইবেন না, তারা আপাতত আত্মীয়ের বাসা, বন্ধুদের হলে কিংবা নিরাপদ এলাকায় অবস্থান করতে পারবেন বলে জানান প্রভোস্ট।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেওয়ায় আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। শিক্ষার্থীদের আজই নতুন ১০ তলা ভবনে স্থানান্তরের সুযোগ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সকালে ভূমিকম্পের পর হলের একটি ব্লকে হেলে পড়া এবং দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিলে শিক্ষার্থীরা মানববন্ধন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে। পরে রাকসুর পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হলে সন্ধ্যায় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করে।