রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সাইন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নাসিমা আখতারের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম দিনে ৩ জন বিশিষ্ট বিজ্ঞানী বিমক সদস্য প্রফেসর মো. সাইদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ও অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস শাহজাহান খান এবং রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম কী-নোট বক্তৃতা দেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার (১৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর মো. আব্দুর রশিদ কী-নোট বক্তৃতা দিবেন বলে নির্ধারিত আছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) সদস্য প্রফেসর মো. সাইদুর রহমান। এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।
দুই দিনব্যাপী সম্মেলনে ৩৫টি অ্যাকাডেমিক সেশনে ২৭২টি পোস্টার প্রেজেন্টেশনসহ মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের আয়োজনে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। প্রথম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয়।