রোকুনুজ্জামান, জবি
শিক্ষার্থীদের যাত্রাপথকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুর্জয় বাসে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগের পৃষ্ঠপোষকতা করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
শিক্ষার্থীরা জানান, ফ্রি ওয়াইফাই সেবা তাদের যাত্রাপথের সময়কে আরও কার্যকর করে তুলবে এবং প্রযুক্তি ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।
দুর্জয় বাসের সভাপতি রাব্বানী রাশহা রাতুল বলেন, “ঢাকার যানজটের কারণে আমাদের দীর্ঘ সময় বাসের মধ্যেই কাটাতে হয়। এই মূল্যবান সময়টা এতদিন অলসভাবেই কেটে যেত। এখন ফ্রি ইন্টারনেট সংযোগের মাধ্যমে আমরা যাতায়াতের সময় পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য কাজও করতে পারবো। এটি অবশ্যই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমরা অসীম ভাইকে ধন্যবাদ জানাই।”
দুর্জয় বাসের সাধারণ সম্পাদক মেহরাব হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যখন উন্নত সব সুযোগ-সুবিধা থাকবে, তখন শিক্ষার্থীরা প্রতিদিনের কার্যক্রমে আরও উৎসাহী হবে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বাস হিসেবে ওয়াইফাই সংযুক্ত করে দুর্জয় অবশ্যই দৃষ্টান্ত স্থাপন করেছে।”