বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক ও ডাকসুর জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও পতিত ফ্যাসিস্ট শক্তি মিলে সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে। তিনি দাবি করেন, এর উদ্দেশ্য হলো দেশকে অস্থিতিশীল করা এবং গণঅভ্যুত্থানের ছাত্র আন্দোলনকে দমন করা।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে আবু বাকের লিখেন, “সারা দেশকে অস্থিতিশীল করার জন্য নিষিদ্ধ ছাত্রলীগসহ পতিত ফ্যাসিস্টরা কালেক্টিভ এ্যাটাকের প্ল্যান করছে। চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।”
তিনি আরও জানান, গণতান্ত্রিক ছাত্রসংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল মাসনুনসহ অনেক শিক্ষার্থী এই হামলায় গুরুতর আহত হয়েছেন। গণঅভ্যুত্থানের ছাত্রদের ওপর এমন নৃশংস আক্রমণ প্রতিহত করতে সর্বদা প্রস্তুত থাকার ঘোষণা দেন আবু বাকের।
প্রসঙ্গত, শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ চলছে। এ ঘটনায় প্রক্টরসহ বহু শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই সংঘর্ষে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা পরিকল্পিত, যা সামগ্রিকভাবে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা। তারা মনে করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের জরুরি দায়িত্ব।