প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছেন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন হবে। অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনের অন্যতম সংগঠক জুবায়ের আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণার পর অবরোধ তুলে নেওয়ায় শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তিনি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পরে আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে নিজেদের পরবর্তী কর্মসূচি জানান।
প্রথমে প্রকৌশল অধিকার আন্দোলনের এম ওয়ালীউল্লাহ ঘোষণা দেন যে, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন,
“জনদুর্ভোগ চিন্তা করে আমরা মাঠের কর্মসূচিতে যাচ্ছি না।”
তবে এরপর জুবায়ের আহমেদ আরও কঠোর ঘোষণা দেন। তিনি বলেন,
“দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আগামীকাল সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হবে না।”