প্রকৌশলী অধিকার আন্দোলন’ নামক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ৩ দফা দাবিতে ক্লাস–পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। একই দাবিতে তারা আজ বুধবার (২৭ আগস্ট) ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে বিক্ষোভ মিছিল করে। পথে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে তারা।
এর আগে ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ দিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে এই আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও এতে যোগ দেন।
শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবি হলো—
১. সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ কেবলমাত্র ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের দিতে হবে। কোনোভাবেই কোটাভিত্তিক বা নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।
২. উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের নিয়োগ পরীক্ষার সুযোগ রাখতে হবে।
৩. প্রকৌশলী পদবির সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ যেন ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে না পারে—এ নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলো দ্রুত আইইবি-বিএইটিই স্বীকৃতির আওতায় আনতে হবে।
এর আগে শিক্ষার্থীরা ২৫ আগস্ট ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করেন। গতকাল (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে তারা অবস্থান নেন। এ সময় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে।