প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হবে। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় আন্দোলনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন,
“আগামীকাল দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি এড়িয়ে যাব।”
লিপু অভিযোগ করেন,
“আমাদের তিন দফা দাবির কোনোটি এখনো পূরণ হয়নি। অথচ পলিসি মেকার যারা আছেন, তারা আমাদের আন্দোলনের প্রকৃত বিষয় সম্পর্কে কিছুই জানেন না।”
তিনি জানান, চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিদের সমন্বয়ে যে কমিটি করা হয়েছে, সেখানে শিক্ষার্থীদের মনোনীত সদস্যও যোগ দেবেন।
এর আগে সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে ফাওজুল কবির খান বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত ছিল। শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত। এটি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”
তিনি আরও বলেন,
“দাবি-দাওয়া থাকবে, আলোচনা চলবে, কিন্তু কথায় কথায় শাহবাগ অবরোধ বা যমুনার দিকে মিছিল দেওয়া গ্রহণযোগ্য নয়। ছাত্রদের জন্য আমাদের দরজা সবসময় খোলা, তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।”
এদিকে, বুধবার রাতে শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আশ্বাস দেন, বৃহস্পতিবারই পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।