রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার পদ্ধতিতে আনা পরিবর্তনের বিরোধিতা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। লিখিত পরীক্ষা বাদ দিয়ে শুধুমাত্র MCQ পদ্ধতি চালু করা এবং নেগেটিভ মার্কিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হস্তান্তরিত এক স্মরাকলিপিতে তারা এই প্রস্তাব দেন।
ছাত্রদলের উক্ত স্মারকলিপিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় লিখিত অংশ বাদ দেওয়া হলে শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তা, যুক্তি, সৃজনশীলতা ও প্রকাশ দক্ষতার মূল্যায়ন সম্ভব হবে না। এতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি মানদণ্ড শিথিল হবে এবং সামগ্রিক শিক্ষা মানেও প্রভাব পড়তে পারে।
সেখানে আরও উল্লেখ করা হয়, নেগেটিভ মার্কিং বাতিলের ফলে পরীক্ষার্থীরা আন্দাজে উত্তর দেওয়ার সুযোগ পাবে, যা প্রকৃত মেধার প্রতিফলন ঘটাবে না। এতে ভর্তি প্রক্রিয়া ‘অনুমান নির্ভর’ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ছাত্রদল প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেছে, স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় লিখিত অংশ পুনর্বহাল এবং ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং যুক্ত করা প্রয়োজন।
তারা আশা প্রকাশ করেছে যে, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় উপাচার্য সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবেন।