ইরফান উল্লাহ, ইসলামী
আগামীকাল (০৩ এপ্রিল) শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা। এ পরীক্ষা দেশের ২১ টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। ইবি কেন্দ্রে অংশ নিবেন ৯,১৩৩ জন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ১৮৫ ভর্তিচ্ছু আবেদন করেছেন। আগামীকাল শুক্রবার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরপর ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এসময় শিক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
ড. মনজুরুল হক জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছের পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কেন্দ্র সংশ্লিষ্ট নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহ নিশ্চিত করবে।
ইবি কেন্দ্রে গুচ্ছ বি ইউনিটের সমন্বয়কারি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, গতকালকে সংশ্লিষ্ট ১৪ টি ডিপার্টমেন্টের শিক্ষক ও তিনজন ডিনকে নিয়ে আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
গুচ্ছভুক্ত পরীক্ষার ২১টি কেন্দ্র হলো— ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর ২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং ২১. চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম।