দুমকী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গভীর রাতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (রাত) প্রায় ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া জানান, দুই হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বশার খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।