আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি শ্রেণিকক্ষসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে বিজবাগ ইউনিয়নের বক্সীরহাট বাজার সংলগ্ন বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছু উদ্দিন স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, আগুনে একটি চেয়ার, একটি টেবিল, ১২ জোড়া হাই-লো বেঞ্চ ও তিনটি বৈদ্যুতিক পাখা পুড়ে গেছে। আগুনের তাপে দুইতলা ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে এবং ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সেনবাগ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রিয়াদ মাহমুদ ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।