আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান (Chief of Army Staff) জেনারেল ওয়াকার-উজ-জামান পটুয়াখালী জেলা সফর করেছেন।
সফরকালে তিনি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনকালীন সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাওছার, বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারবৃন্দ।
সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।