কলাপাড়া প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের পশ্চিম আজিমপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদীন ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন অভিযোগ করেন, প্রায় দেড় মাস আগে স্থানীয় আমির হোসেন ও তার ছেলে ইমরান তার ওপর হামলা চালায়। এ সময় ইট দিয়ে আঘাত করে তার পা থেঁতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুয়াকাটা হাসপাতাল এবং পরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।
তিনি আরও জানান, দীর্ঘ চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পরও অভিযুক্তদের হুমকি ও হয়রানি অব্যাহত রয়েছে।
নিরাপত্তার জন্য বাড়ির সামনে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, গত রাত আনুমানিক আড়াইটার দিকে ইমরান ও তার এক চাচাতো ভাই ওই সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। একই সঙ্গে বাড়ির বাথরুমের লাইটও খুলে নেওয়া হয়।
ভুক্তভোগীর দাবি, ক্যামেরা ভাঙার আগ মুহূর্তের একটি ছবি মোবাইল অ্যাপে সংরক্ষিত রয়েছে। সেই ছবির সূত্র ধরেই তারা অভিযুক্তদের শনাক্ত করেছেন।
এ বিষয়ে প্রতিবাদ করলে জয়নাল আবেদীন ও তার দুই ছেলেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
পরিবারটির দাবি, ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন অভিযুক্তরা।
জয়নাল আবেদীন আরও বলেন, আমার ও আমার পরিবারের কোনো ক্ষতি হলে এর জন্য দায়ী থাকবে ইমরান, তার বাবা আমির হোসেন, চাচা আমছার ও আনোয়ার।
এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।