মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা-মেরুং সড়কের বেতছড়ি এলাকায় পথচারীকে বাঁচাতে গিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে নিটন চাকমা (২২) নামে এক যুবকসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর আহত নিটন চাকমা জোড়াপানিছড়া গ্রামের বাসিন্দা এবং সুজন চাকমার ছেলে। এছাড়া এক বয়স্ক বাঙালি নারী ও প্রায় ১০ বছর বয়সী এক বাঙালি শিশুও আহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি মেরুং থেকে দীঘিনালা অভিমুখে যাচ্ছিল। এ সময় বেতছড়ি এলাকায় হঠাৎ এক পথচারী সড়কে চলে আসলে তাকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির দিক পরিবর্তনের চেষ্টা করেন। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত নিটন চাকমার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীঘিনালা-মেরুং সড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও অনেক পথচারী অসতর্কভাবে সড়ক পারাপার করেন। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা সড়কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।