মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রতিটি শহরের পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের প্রতিটি এলাকায় বইছে ভোটের আমেজ।
দীর্ঘ ১৭ বছর পর মানুষ আবারও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে—এ নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
নির্বাচনি কার্যক্রম শুরুর পরদিন থেকেই সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে মাঠে নেমে পড়েছেন। তাঁরা ঘরে ঘরে যাচ্ছেন, মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও ভোগান্তির কথা মনোযোগ দিয়ে শুনছেন।
তবে এবারের নির্বাচনে ব্যতিক্রমী এক প্রচারণা চালু করেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি ‘কেমন বাংলাদেশ চাই’ শিরোনামে একটি ক্যাম্পেইন শুরু করেছেন, যেখানে সিলেটের সাধারণ মানুষ সরাসরি নিজেদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরতে পারছেন।
এ ক্যাম্পেইনের বিশেষ দিক হলো—দেশে অবস্থানরত ভোটারদের পাশাপাশি প্রবাসে থাকা সিলেটের ভোটাররাও এতে অংশ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারছেন।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিচালিত এই ব্যতিক্রমী প্রচারণা ইতোমধ্যে সিলেটবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণদের মাঝেও বাড়িয়েছে নির্বাচনী অংশগ্রহণের আগ্রহ।