মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় মা ও তার আট বছর বয়সী কন্যাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (সকাল) উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)। আমেনা বেগমের স্বামী মিজান মিয়া। তারা দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় চার মাস আগে পরিবারটি ওই বাড়িতে ভাড়া ওঠে। সোমবার দুপুরের দিকে দীর্ঘ সময় ধরে বাসা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে তারা বাসায় গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পর এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।