মধুপুর (টাংগাইল) প্রতিনিধি
কলম ধরি, সৃজন করি স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাকা সাহিত্য চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি ফিরোজ আহমেদ বাবুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মেসবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ইমাম হাসান সোহান।
অনুষ্ঠানে মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল ও গোপালপুর উপজেলার কবি, সাহিত্যিক এবং বিভিন্ন শ্রেণি পেশার গুণীজন অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সাহিত্যচর্চার পরিবেশ, নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধান আলোচক কবি মেসবাহ উদ্দিন আহমেদ সাহিত্যের বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে কবি ফিরোজ আহমেদ বাবুল বলাকা সাহিত্য চর্চা পরিষদের অতীত কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বর্ণনা করে তিনি বলেন, সবার নিয়মিত অংশগ্রহণ ও সহযোগিতায় বলাকা সাহিত্য চর্চা পরিষদের সাহিত্য আড্ডা ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।
আলোচনায় আরও অংশ নেন কবি নেপাল চন্দ্র সূত্রধর, কবি বিশ্বজিৎ চক্রবর্তী, কবি গোলাম মোস্তফা, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়তুল্লাহ, মধুপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. লিয়াকত হোসেন জনী, লোকমান হোসেন বিএসসি, মধুপুর প্রতিনিধি দৈনিক মানব কন্ঠে পত্রিকা জুয়েল রানা,
ঔপন্যাসিক মুক্তার হোসেন, প্রভাষক মো. হেলাল উদ্দিন, উপাধ্যক্ষ আব্দুল হাই এবং মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী লিটন কুমার সিংহ রায়সহ অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতা পাঠে অংশ নেন কবি মেসবাহ উদ্দিন আহমেদ, কবি ফিরোজ আহমেদ বাবুল, কবি নেপাল চন্দ্র সূত্রধর, কবি গোলাম মোস্তফা ও কবি ইমাম হাসান সোহান প্ ।
এ ছাড়া বিশ্বজিৎ চক্রবর্তী, নেপাল চন্দ্র সূত্রধর ও গোলাম মোস্তফাসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সবশেষে সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মনোজ্ঞ এ হেমন্ত সন্ধ্যার সমাপ্তি ঘটে। সাহিত্য, কবিতা ও সংগীতের মেলবন্ধনে আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিত কবি সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে।