মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের চরাঞ্চলে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় অভিযুক্ত সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়া পালিয়ে যায়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণ পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল ওই এলাকায় তল্লাশি চালায়।
অভিযানকালে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হিসেবে পরিচিত ইলিয়াস ভূঁইয়ার বসতবাড়ি থেকে পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস ভূঁইয়া কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এই অভিযানও সেই কার্যক্রমের অংশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ইলিয়াস ভূঁইয়ার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে মোট আটটি মামলা রয়েছে। উদ্ধারকৃত কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।