মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলার প্রবীণ সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল ইন্তেকাল করেছেন। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে মুন্সিগঞ্জের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে।
পরবর্তীতে বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় আরেকটি জানাজা শেষে তাঁকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
মীর বাছির উদ্দিন জুয়েল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিকরা।