যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সরকার গঠনের পর মিত্রদের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে গুরুত্বপূর্ণ শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এ বৈঠকে অংশ নিচ্ছে না।
দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেও দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা বৈঠকে যোগ দিচ্ছেন না। যদিও এই সিদ্ধান্তের পেছনের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি তিনি।
জমিয়তের নেতারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে আগের মতো যোগাযোগ বা রাজনৈতিক সমন্বয় রাখা হয়নি। সম্প্রতি দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকও প্রকাশ্যে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
তার অভিযোগ, জোটের অন্য শরিকদের গুরুত্ব দেওয়া হলেও জমিয়তকে ধারাবাহিকভাবে উপেক্ষা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জমিয়তের জন্য চারটি আসন ছেড়ে দিয়েছিল। তবে দলটির কোনো প্রার্থীই বিজয়ী হতে পারেননি।
বিএনপি সূত্র জানিয়েছে, মিত্র দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, মতবিনিময় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন সাবেক মিত্র নেতাকেও এতে আমন্ত্রণ জানানো হয়েছে।