মো: হোসেন,
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় জরুরি রোগী পরিবহন সেবা জোরদারে চালু করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা বলেন, নদীবেষ্টিত ও দুর্গম দ্বীপাঞ্চলে দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতে ওয়াটার অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জরুরি রোগী পরিবহনে এটি মনপুরাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও২৪এর গণঅভ্যুত্থানের যোদ্ধা শহীদ ওসমান হাদির স্মৃতিকে অম্লান রাখতে ওয়াটার অ্যাম্বুলেন্সটির নামকরণ করা হয় ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স।
দ্রুতগামী এই নৌ-অ্যাম্বুলেন্স চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ ও স্বস্তি দেখা গেছে।
হস্তান্তর অনুষ্ঠান শেষে উপদেষ্টা মনপুরার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. এমাদুল হোসেন, বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক, তজুমদ্দিন ও লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।