প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। কার্ড পেতে কাউকে ঘুষ দেওয়ার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি সরকারের সিদ্ধান্ত।”
ফ্যামিলি কার্ড কর্মসূচি এর আগে পাইলট পর্যায়ে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে চালু করা হয়েছিল।
বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রচেষ্টায় কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরের প্রসঙ্গও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, তারেক রহমানের বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন এবং এবার তারেক রহমানও একই মঞ্চে বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।